সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আশা করি, আল্লাহর অশেষ রহমত ও করুণায় আপনি সুস্থ, সুন্দর ও ঈমান-আফিয়াতের সঙ্গে আছেন। অত্যন্ত আনন্দ ও পরম সৌভাগ্যের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামিক স্টাডিজ বিভাগ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আগামী ২২ আগস্ট ২০২৬ (শনিবার) তারিখে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিতি ও সদয় সম্মতি প্রদান করেছেন:
• প্রধান অতিথি: ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, মাননীয় প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ।
• বিশেষ অতিথি: অধ্যাপক মোঃ মনজারুল আলম, পিএইচডি, এমআইইইই, ভাইস চ্যান্সেলর, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
• সভাপতি: অধ্যাপক ড. আমানউল্লাহ মুজাহিদ, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ ও ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
• বিশেষ আলোচক: অধ্যাপক মোখতার আহমাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চেয়ারম্যান, তারবিয়াহ অ্যাডুকেশন নেটওয়ার্ক।
• বিশেষ আলোচক: ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী, ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব এবং সভাপতি, সৌদি আরব প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ।
এমতাবস্থায়, প্রধান আলোচক হিসেবে আপনার সম্মানিত উপস্থিতি ও মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পবিত্র জীবনাদর্শ, চারিত্রিক মহিমা, দাওয়াতি প্রজ্ঞা, নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণমূলক আদর্শ সম্পর্কে আপনার জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বীনপ্রাণ শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার হৃদয়স্পর্শী বক্তব্য শিক্ষার্থীদের নৈতিক, আত্মিক ও আদর্শিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাঁদের মধ্যে রাসূলপ্রেম, সুন্নাহর অনুসরণ ও ইসলামী মূল্যবোধ চর্চার অনুপ্রেরণা জাগ্রত করবে, ইনশাআল্লাহ।
আপনার সদয় উপস্থিতিতে আমাদের এই আয়োজন আরও সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও সফল হবে। বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আপনার মুখনিঃসৃত সীরাতুন্নবী (সাঃ)-এর অমূল্য শিক্ষা শ্রবণ করে উপকৃত ও অনুপ্রাণিত হওয়ার সুযোগ লাভ করবেন বলে আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি।
মহান আল্লাহ তাআলা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্বীনের খেদমতে আরও বরকত দান করুন—এই দোয়া করি। আপনার সদয় সম্মতি ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।